Print Date & Time : 27 October 2026 Tuesday 07:29 am

পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

image

অনলাইন ডেস্ক: দেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত, টেকসই, নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু।

শনিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার ২ নম্বর হলে আয়োজিত তিন দিনব্যাপী ‘১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের পর্যটন উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীকে সরাসরি সম্পৃক্ত করতে হবে। এর মাধ্যমে স্থানীয় জনগণ পর্যটন খাতের সুফল পেতে পারে। একইসঙ্গে পরিবেশ সংরক্ষণ ও পর্যটন অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানো জরুরি।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পাহাড়, বন, হ্রদ, ঝরনা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর বৈচিত্র্যময় সংস্কৃতিকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম, সাংস্কৃতিক ও অ্যাডভেঞ্চার পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন।

মেলার সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মূল পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে আগামী বছরের ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর ঢাকায় ১৪তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

জা.অর্থনীতি/এসআই