Print Date & Time : 08 November 2026 Sunday 01:47 pm

ভিটেমাটি বেচে সৌদি যাওয়া নিজামের লাশ পড়ে আছে মর্গে

image

মৌলভীবাজার প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত মৌলভীবাজারের বড়লেখার নিজাম উদ্দিনের (৫৯) লাশ এক সপ্তাহ ধরে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পড়ে আছে। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার লাশ দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না।

নিহত নিজাম উদ্দিন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পূর্ব-দক্ষিণভাগ গ্রামের নিমার আলীর ছেলে।

জানা গেছে, পরিবারের সচ্ছলতা ফেরাতে ভিটেমাটি বিক্রি করে কয়েক বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে নিজাম উদ্দিনের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর নতুন করে কাজ না পাওয়ায় তিনি আর্থিক সংকট ও হতাশার মধ্যে ছিলেন। এরই মধ্যে গত ১২ সেপ্টেম্বর রিয়াদে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, আহত ভাবি

বর্তমানে তার লাশ রিয়াদের আবু হাদরিয়্যাহ, আল মাতার আশ শামালি হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। দুর্ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও অর্থের অভাবে লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারছে না পরিবারটি।

স্বামীর লাশ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন নিহতের স্ত্রী শাম্মী আক্তার কানিজ।

নিহতের স্ত্রী শাম্মী আক্তার কানিজ বলেন, আমার স্বামীর রোজগারেই আমাদের সংসার চলত। দীর্ঘদিন ধরে তিনি কাজ না পাওয়ায় বাড়িতেও টাকা-পয়সা পাঠাতে পারছিলেন না। এখন তিনি নেই, অথচ তার লাশটিও দেশে আনতে পারছি না। আমাদের পরিবারের সেই সামর্থ্য নেই।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

তিনি আরও বলেন, সরকারের কাছে আমার আকুল আবেদন, যেন সরকারি খরচে আমার স্বামীর লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। শেষবারের মতো তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে চাই।

পরিবারের সদস্যরা জানান, নিজাম উদ্দিনের মৃত্যুতে স্ত্রী ও সন্তানসহ স্বজনরা শোকাহত। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে লাশ দেশে ফেরানোর অর্থ জোগাড়ের অসহায়ত্ব-সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পরিবারটির।

—জা. অর্থনীতি/এনজে