Print Date & Time : 26 October 2026 Monday 06:11 pm

ইয়েমেনে সরকারি বাহিনীর হামলায় ৮০ হুথি যোদ্ধা নিহত

image

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর মারিবের বাইরে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে অন্তত ৮০ হুথি যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ইরান-সমর্থিত হুথিদের হামলা প্রতিহত করে সরকারি বাহিনী নয়টি সামরিক যান ধ্বংস করেছে বলেও জানানো হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) আরব নিউজকে ইয়েমেনি সেনাবাহিনীর সামরিক গণমাধ্যম বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারিবের দক্ষিণাঞ্চলের হারেব, মালা ও উম রাইশ এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিমান ও ড্রোনের সহায়তায় সরকারি বাহিনী হুথিদের হামলা প্রতিহত করে। এতে ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত এবং নয়টি সামরিক যান ধ্বংস হয়েছে। অবশিষ্ট যোদ্ধারা ওই এলাকা থেকে পালিয়ে গেছে।

ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, মারিব প্রদেশের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে হুথিদের অবস্থান, যোদ্ধাদের সমাবেশ, সামরিক রসদ ও সুরক্ষিত ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলার ফলে শহরের আশপাশের অবস্থান থেকে হুথিদের পিছু হটতে হয়েছে বলে দাবি করেছেন আল-হাতেমি।

এদিকে শনিবার রাজধানী সানা, আমরান ও হোদেইদাসহ হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় অন্তত ৫০ যোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন। সেনাবাহিনীর দাবি, যুদ্ধক্ষেত্রে নিহত এসব যোদ্ধার প্রকৃত সংখ্যা হুথিরা গোপন করছে।

মারিবে ইয়েমেনের সবচেয়ে বেশি অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। গত এক দশকে সংঘাত থেকে পালিয়ে ২০ লাখের বেশি মানুষ সেখানে আশ্রয় নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শহরটিতে তেল-গ্যাসক্ষেত্র ও একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র রয়েছে।

অন্যদিকে, তাইজে সরকারি বাহিনী নোমান পর্বত দখলের দাবি করেছে। লাহজ প্রদেশের কাহবুব পর্বতের কাছে হুথিদের একটি হামলা প্রতিহত করে একটি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে ন্যাশনস শিল্ড ফোর্সেস।

জা.অর্থনীতি/এসআই