Print Date & Time : 07 November 2026 Saturday 07:13 pm

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

image

খাগড়াছড়ি প্রতিনিধি: সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি সদর উপজেলার ১ হাজার ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিট।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা পরিষদ সদস্য এমএন আবছার ও মোশাররফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট প্রতিনিধিরা জানান, পাহাড়ি ঢল ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন মেটানো এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে মোট ১ কোটি ৬০ লাখ টাকার মানবিক সহায়তা কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রাথমিক ধাপে ৮০০ পরিবারকে জরুরি খাদ্য সামগ্রী (ফুড প্যাকেজ) এবং ৫০০ পরিবারকে গৃহস্থালি উপকরণ (নন-ফুড প্যাকেজ) দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তীতে পর্যায়ক্রমে মোট ২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি পুনর্বাসনের জন্য বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ৮ হাজার টাকা করে সরাসরি নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, "জনসাধারণের বিপদে পাশে দাঁড়ানো ও মানুষের কল্যাণ নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের পাশাপাশি পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, সড়ক, মসজিদ, ক্যাং ও ব্রিজ-কালভার্টসহ সার্বিক অবকাঠামো পুনর্নির্মাণ ও উন্নয়নে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে।"

উপকারভোগী পরিবারগুলো আপদকালীন সময়ে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তার আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেছে।

—জা. অর্থনীতি/এলএটি