Print Date & Time : 28 October 2026 Wednesday 03:51 am

কুড়িগ্রামের কৃষি উপ-পরিচালককে বদলি

image

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলাজুড়ে আমন মৌসুমে সারের তীব্র সংকট, বিতরণে চরম বিশৃঙ্খলা ও কৃষকদের টানা সড়ক অবরোধ-অসন্তোষের মুখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বদলির বিষয়টি নিজেই নিশ্চিত করে পদচ্যুত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, "আমাকে ঝিনাইদহে বদলি করা হয়েছে। আমি ইতিমধ্যে দাপ্তরিক দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করেছি।"

তাকে কুড়িগ্রাম থেকে সরিয়ে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়।

এর আগে কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখার উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলি ও স্ট্যান্ড রিলিজের এই আদেশ জারি করা হয়। মঙ্গলবার সকালে আদেশের অনুলিপি কুড়িগ্রাম জেলা দপ্তরে পৌঁছায়।

প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়, আজ বুধবার বিকেলের মধ্যে তাকে নতুন কর্মস্থল ঝিনাইদহে বাধ্যতামূলকভাবে যোগদান করতে হবে। অন্যথায় আগামীকাল বৃহস্পতিবার দুপুরের মধ্যে তিনি স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত করা হয়েছে ঢাকার খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে। তাকে কুড়িগ্রাম জেলা কার্যালয়ের নতুন উপপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, কৃষি বিভাগের জেলা প্রধানের বদলির আদেশ জারি হয়েছে এবং নতুন কর্মকর্তা যোগদান প্রক্রিয়াধীন রয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি কুড়িগ্রামের উলিপুরসহ বিভিন্ন উপজেলায় সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকেরা সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রশাসনিক বিশৃঙ্খলা ঘটায়। জেলায় সার ব্যবস্থাপনায় চরম ব্যর্থতা ও তদারকির অভাবের অভিযোগেই কৃষি মন্ত্রণালয় এ ত্বরান্বিত প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

—জা. অর্থনীতি/এলএটি