Print Date & Time : 08 November 2026 Sunday 01:16 am

চক হাতে ২৬ বছর, এবার অবসরে শিক্ষক সজল কান্তি নাথ

image

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: ২৬ বছর ধরে একই বিদ্যালয়ে শিক্ষকতা। প্রতিদিন হাতে চক নিয়ে শ্রেণিকক্ষে দাঁড়িয়েছেন, পড়িয়েছেন অসংখ্য শিক্ষার্থীকে। পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষে অবসর নিলেন চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সজল কান্তি নাথ।

রোববার (২৭ সেপ্টেম্বর) ছিল বিদ্যালয়ে তার শেষ কর্মদিবস। সকালে বিদ্যালয়ে হাজিরা দিয়ে শেষবারের মতো শ্রেণিকক্ষে পাঠদান করেন তিনি। পরে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে দেওয়া হয় বিদায়ী সংবর্ধনা। প্রিয় শিক্ষকের বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সহকর্মী ও শিক্ষার্থীরা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০০ সালে জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন সজল কান্তি নাথ। এরপর টানা ২৬ বছর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। দীর্ঘ এই সময়ে তার কাছে পাঠ নিয়েছেন বিদ্যালয়ের কয়েক প্রজন্মের শিক্ষার্থী।

২ দিন পর নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী শিক্ষক সুব্রত বড়ুয়া, হেড মাওলানা নুরুল আনোয়ার, টুংকেল বড়ুয়াসহ বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা।

বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে সজল কান্তি নাথ শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না; শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও ভূমিকা রেখেছেন। তার অবসরে বিদ্যালয়ে তৈরি হয়েছে অভিজ্ঞ এক শিক্ষকের শূন্যতা।

সংবর্ধনা শেষে সহকর্মী ও শিক্ষার্থীরা ফুল দিয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানান। ২৬ বছরের কর্মজীবনের শেষ দিনে শ্রেণিকক্ষ ছেড়ে গেলেও শিক্ষার্থীদের কাছে তাঁর শেখানো পাঠ ও স্মৃতি থেকে যাবে দীর্ঘদিন।

—জা. অর্থনীতি/এনজে