Print Date & Time : 28 October 2026 Wednesday 06:33 am

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, চার্জ গঠনের শুনানি ১৭ নভেম্বর

image

নিজস্ব প্রতিবেদক: নায়িকা পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার চার্জ (অভিযোগ) গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জম হোসেন এ তথ্য জানান।

এদিন মামলাটির চার্জ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। এজন্য পরীমনির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) হাজিরা দেন। একই সঙ্গে তিনি শুনানি পেছাতে আবেদন করেন।

শুনানিতে এই আইনজীবী বলেন, 'পরীমনি কিছু দিন আগে পায়ে আঘাত পেয়ে অসুস্থ ছিলেন। হঠাৎ পায়ে ব্যথা বেড়ে যাওয়ায় চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। এ কারণে আদালতে আসতে পারেননি।' এজন্য তিনি শুনানি পেছানোর প্রার্থনা করেন।

তবে এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জম হোসেন পরীমনির জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশের প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি আইনজীবীর মাধ্যমে পরীমনির হাজিরাও বাতিলের আবেদন করেন।

অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন বলেন, 'মামলাটি অভিযোগ গঠনের জন্য আছে। তবে এ আসামি কয়েক বছর ধরে আদালতে না এসে সময় প্রার্থনা করছে, যা অগ্রহণযোগ্য। তার জামিন বাতিল করে অভিযোগ গঠনের প্রার্থনা করছি।'

তবে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে শুনানির পরবর্তী দিন ১৭ নভেম্বর ধার্য করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন চিত্রনায়িকা পরীমনি। এর কয়েক দিন পর ওই বছরের ৪ আগস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব। পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলাও করে র‌্যাব। এক মাস কারাগারে থাকার পর তিনি মুক্তি পান।

ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়। মামলার অপর দুই আসামি হলেন—পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং পরীমনির খালু কবীর হোসেন হাওলাদার।

মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন। তবে অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমনি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে মামলাটিতে উচ্চ আদালত থেকে পুনরায় অভিযোগ গঠনের আদেশ আসে।

—জা.অর্থনীতি/আরএস