Print Date & Time : 08 November 2026 Sunday 09:48 am

ইরানকে বাধা দিলে কেউই তেল বিক্রি করার সুযোগ পাবে না: গালিবাফ

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে তেল বিক্রি করতে বাধা দেয়া হলে এই অঞ্চলের কোনো দেশই তেল বিক্রি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জেনে রাখা উচিত, এই অঞ্চলে আমরা তেল বিক্রি করতে না পারলে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না। আমরা আগেও এমনটি বলেছি।’ ওয়াশিংটনের সঙ্গে চলমান সংঘাত এবং মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে ইরান বর্তমানে তেল রপ্তানিতে কঠোর বিধিনিষেধের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে এই হুঁশিয়ারি দিলেন তিনি।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি আগস্টে বলেছিলেন, দেশটির তেল রপ্তানি শূন্যে নেমে গেছে। যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে তেহরান আর অপরিশোধিত তেল রপ্তানি করছে না বলেও তিনি জানিয়েছিলেন।

এদিকে মার্কিন সামরিক বাহিনী ১৯ সেপ্টেম্বর জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে তাদের সামরিক সহায়তায় হরমুজ প্রণালি দিয়ে ১০০ কোটিরও বেশি ব্যারেল অপরিশোধিত তেল পার হয়েছে। একইসঙ্গে তারা বলেছে, ওয়াশিংটন যাকে ‘লোহাবর্মিত অবরোধ’ বলে অভিহিত করছে, তার মধ্যে ইরান থেকে ‘শূন্য ব্যারেল’ তেল রপ্তানি হয়েছে। গালিবাফ বলেন, ‘আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।’

সূত্র: টিআরটি ওয়ার্ড

—জা.অর্থনীতি/জেআরটি