Print Date & Time : 23 October 2026 Friday 04:21 pm

কুষ্টিয়ায় বাসচাপায় নারীসহ নিহত ২

image

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক নারী ও ব্যাটারিচালিত পাখিভ্যান চালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের মেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মৃত্যুর বিষয় সত্যতা নিশ্চিত করেন।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা মাদরাসা প্রাক-প্রাথমিক সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী ভানুমতি (৫৫) এবং মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে পাখিভ্যান চালক কামরুল ইসলাম (৪০)। দুর্ঘটনায় আহত ভানুমতির মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পাখিভ্যানে চড়ে কয়েকজন যাত্রী গন্তব্যে যাচ্ছিলেন। আমতলা এলাকায় পৌঁছালে চলন্ত ভ্যানটির এক্সেল আকস্মিক ভেঙে সড়কের ওপর উল্টে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা মেহেরপুরগামী ‘শ্যামলী পরিবহন’-এর দ্রুতগতির একটি বাস ভ্যানটিকে সজোরে চাপা দিয়ে দুমড়ে-মুচড়ে দেয়। এতে ঘটনাস্থলেই ভানুমতি নামের ওই নারী যাত্রীর মৃত্যু হয়। একই সঙ্গে ভ্যানচালক কামরুল ইসলাম ও নিহতের মেয়ে হাসিনা গুরুতর আহত হন।

সংবাদ পেয়ে আমলা পুলিশ ক্যাম্প ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক বারোটার দিকে ভ্যানচালক কামরুল ইসলাম মারা যান।

কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালকের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

ওসি জানান, "সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি জব্দ ও চালককে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"  

—জা. অর্থনীতি/এলএটি