Print Date & Time : 08 November 2026 Sunday 12:20 pm

আটলান্টিকে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬

image

আন্তর্জাতিক ডেস্ক: আটলান্টিক মহাসাগরে ছয় আরোহীসহ নিখোঁজ হওয়া একটি মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। ম্যাসাচুসেটসের ন্যানটাকেট দ্বীপের উপকূলে প্রায় ২৭ ঘণ্টার তল্লাশির পর ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। তবে বিমানে থাকা ছয়জনের এখনো কোনো সন্ধান মেলেনি।

কোস্ট গার্ড জানায়, শনিবার (৩ অক্টোবর) ভোরে বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে উড্ডয়নের পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ন্যানটাকেটের উপকূলে তল্লাশি চালিয়ে ধ্বংসাবশেষের একটি অংশ পাওয়া যায়। সেটি নিখোঁজ বিমানটির বলে নিশ্চিত করা হয়েছে।

বিমানটি ছিল গালফস্ট্রিম জি১০০ মডেলের একটি এয়ার অ্যাম্বুলেন্স। এতে একজন রোগী, তার পরিবারের একজন সদস্য এবং চারজন ক্রু ছিলেন। রোগী ও তার স্বজন বারমুডার নাগরিক। চার ক্রু সদস্যই কানাডার নাগরিক বলে জানানো হয়েছে।

রেডিও যোগাযোগ থেকে জানা গেছে, ন্যানটাকেটের কাছে পৌঁছানোর সময় বিমানটিতে বৈদ্যুতিক ত্রুটি দেখা দিয়েছিল। এর আগে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকেরা পাইলটের সঙ্গে যোগাযোগে সমস্যায় পড়েন। স্থানীয় সময় রাত ১২টা ৪৬ মিনিটে এক নিয়ন্ত্রক পাইলটকে জিজ্ঞাসা করেন, তিনি দিকনির্দেশনা দেখতে পাচ্ছেন কি না এবং জরুরি অবস্থা ঘোষণা করছেন কি না। তবে রেকর্ডে পাইলটের উত্তর শোনা যায়নি।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, তিন মিনিটের মধ্যে বিমানটি কয়েক হাজার ফুট নিচে নেমে যায়। পরে রাত ১টার কিছু পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

ধ্বংসাবশেষ উদ্ধারের পরও ছয় আরোহীর সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে কোস্ট গার্ড। নৌযান, উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করে প্রায় ৪ হাজার ২৫৮ বর্গকিলোমিটার এলাকায় অভিযান চলছে।

জা.অর্থনীতি/এসআই