Print Date & Time : 08 November 2026 Sunday 05:28 pm

হুতিদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দখলে থাকা সব এলাকা পুনরুদ্ধারে সর্বাত্মক সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। সাম্প্রতিক সময়ে হুতি ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর রবিবার (৪ অক্টোবর) এ ঘোষণা দেওয়া হয়।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি বলেন, দেশের বাকি থাকা সব এলাকা পুনরুদ্ধার এবং পুরো দেশে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক অভিযান শুরু করা হচ্ছে।

এর আগে হুতিরা দাবি করে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে তারা। হুতিদের ভাষ্য, গত ১২ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের চালানো ৫০টি বিমান হামলার জবাব হিসেবে এসব হামলা করা হয়েছে। তবে সৌদি আরব এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইয়েমেনের রাজধানী সানা এক দশকেরও বেশি সময় ধরে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। হুতিদের বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযান দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বিদ্রোহীদের উত্তরাঞ্চলীয় প্রধান ঘাঁটি সা’দাও রয়েছে।

এদিকে, ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর তাইজকে ঘিরে সংঘাত আরও তীব্র হয়েছে। রবিবার হুতিরা অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের সঙ্গে তাইজের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সরবরাহপথ বিচ্ছিন্ন করে দেয়। তিনটি সামরিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, হুতিরা ওই এলাকা ও সরবরাহপথের নিয়ন্ত্রণ নেওয়ায় তাইজ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

জা.অর্থনীতি/এসআই