Print Date & Time : 07 November 2026 Saturday 10:06 pm

বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন কবীর গ্রেপ্তার

image

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচন চলাকালে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা ও বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইন ভঙ্গ এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগে মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।

ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে হুমায়ুন কবীরের বিরুদ্ধে। একই সঙ্গে পুলিশের ওপর হামলায় উসকানি দেওয়ার অভিযোগও করা হয়। পরে রেজিনগরে এজেইউপির দলীয় কার্যালয় থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। পরে তাকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়।

হুমায়ুন কবীরকে গ্রেপ্তারের বিষয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন। বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা আনন্দজিৎ হোড় বলেন, আইন ভঙ্গ করায় হুমায়ুন কবীরকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর-দুটি আসনেই জয়ী হন হুমায়ুন কবীর। পরে নওদা আসনটি রেখে রেজিনগর আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন হুমায়ুন কবীর। ওই সময় বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি এজেইউপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ওই দলের প্রার্থী হিসেবে দুটি আসনে জয়ী হন।

জা.অর্থনীতি/এসআই