Print Date & Time : 07 November 2026 Saturday 09:51 am

ইউরোপের আর্থিক-রাজনৈতিক ঝুঁকিতে ইউরোর পতন

image

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের আর্থিক ও রাজনৈতিক ঝুঁকি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সোমবার (৫ অক্টোবর) ইউরোর দর ০.৬ শতাংশ কমে প্রতি ইউরো ১.১১৬৪ ডলারে দাঁড়ায়। ২০২৫ সালের মার্চের পর এটিই ইউরোর সর্বনিম্ন দর।

ফ্রান্সের সরকারি অর্থব্যবস্থা নিয়ে উদ্বেগ এবং দেশটির রাজনৈতিক অনিশ্চয়তা ইউরোর ওপর চাপ বাড়িয়েছে। শুক্রবার ফ্রান্সের সরকারি বন্ডবাজারে বড় ধরনের ওঠানামা দেখা যায়। একপর্যায়ে ফ্রান্স ও জার্মানির ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদহারের ব্যবধান ১৫৯ বেসিস পয়েন্টে পৌঁছায়। দিন শেষে তা কমে প্রায় ১৪১ বেসিস পয়েন্টে দাঁড়ায়।

ফ্রান্সের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদহারও সাময়িকভাবে প্রায় ৫ শতাংশে পৌঁছে যায়। দেশটির আর্থিক পরিস্থিতি এবং ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এর ফলে ইউরোজোনের অন্যান্য উচ্চঋণগ্রস্ত দেশেও আর্থিক চাপ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের তথ্য প্রত্যাশার তুলনায় দুর্বল হলেও ডলারের অবস্থান শক্তিশালী হয়েছে। চলতি মাসে ফেডারেল রিজার্ভ সুদহার বাড়াতে পারে-এমন প্রত্যাশা কমে গেলেও ডলারের শক্ত অবস্থান ইউরোর ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে।

জা.অর্থনীতি/এসআই