Print Date & Time : 21 October 2026 Wednesday 03:02 pm

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

image

অনলাইন ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি সতর্ক করে বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং অনিয়মিত অভিবাসন বাড়িয়ে দিতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ারপার্সন আফসানা বেগম এমপির নেতৃত্বে সফররত একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলে ছিলেন হাউস অব কমন্সের সদস্য শওকত আদম এমপি এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন।

হুমায়ুন কবির বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক উদ্বেগের বিষয় নয়; এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রেও পড়ছে।

আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রতিনিধিদলের। এ সময় তারা রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে টেকসই প্রত্যাবাসন এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাজ্যের পার্লামেন্ট ও আন্তর্জাতিক ফোরামগুলোতে সক্রিয় থাকার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক, সংসদীয় সহযোগিতা, গণতান্ত্রিক সুসংহতকরণ, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জা.অর্থনীতি/এসআই