Print Date & Time : 08 November 2026 Sunday 05:28 pm

সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা, আন্তর্জাতিক উড়োজাহাজকে সতর্কতা

image

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। একই সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুতিদের বিরুদ্ধে নতুন করে বিমান ও নৌ অভিযান চালিয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, রাবিগে আরামকোর একটি শোধনাগার, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর, খামিস মুশাইতের একটি সামরিক ঘাঁটি এবং নাজরান ও জাজানের কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব অভিযানে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সারি বলেন, ইয়েমেনে সৌদি হামলার জবাবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে কয়েক ডজন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে আন্তর্জাতিক এয়ারলাইনগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা দিয়েছে হুতিরা। তবে মক্কা ও মদিনার ওপরের আকাশসীমা এ সতর্কতার আওতামুক্ত রাখা হয়েছে। সতর্কতা উপেক্ষা করলে পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা প্রদেশে হুতিদের সামরিক স্থাপনায় নৌ অভিযান চালানো হয়েছে। এতে অস্ত্রের গুদাম, বিস্ফোরকবোঝাই নৌকা সংরক্ষণের স্থাপনা ও সমুদ্র মাইন ধ্বংসের দাবি করা হয়েছে।

এদিকে ইয়েমেন সরকারের অনুগত বাহিনী হুতিদের সঙ্গে লড়াইয়ের পর কৌশলগত বন্দরনগরী মোকা পুনর্দখলের দাবি করেছে।

জা.অর্থনীতি/এসআই