Print Date & Time : 28 October 2026 Wednesday 06:15 am

ইউক্রেনে আবাসিক ভবনে রুশ হামলা, পাঁচ শিশুসহ নিহত ১৯

image

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইউক্রেনের প্রাইলুকি শহরে একটি আবাসিক ভবনে পাঁচ শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। বুধবার ভোরে বাসিন্দারা ঘুমিয়ে থাকা অবস্থায় পাঁচতলা ভবনটিতে আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র। এতে ভবনের ৩০টি ফ্ল্যাট ধ্বংস হয়ে যায়। আহত হয়েছেন ৫০ জনের বেশি।

নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স ছিল মাত্র এক বছর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, নিহত শিশুদের মধ্যে ওলেক্সান্ডার, কিরিলো ও সেরহি নামে তিন এক বছরের শিশু এবং আট বছর বয়সী ম্যাকসিমও রয়েছে। পরে ধ্বংসস্তূপ থেকে পঞ্চম শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

আঞ্চলিক প্রধান ভিয়াচেস্লাভ চাউস জানান, প্রাইলুকিতে পাঁচটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর একটি আবাসিক ভবনে আঘাত হানে। উদ্ধারকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা করেন।

জেলেনস্কি এ হামলাকে রাশিয়ার অন্যতম ‘জঘন্য’ হামলা হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, বুধবার ইউক্রেনজুড়ে প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় হামলায় বুধবার মোট নিহতের সংখ্যা ২৫-এ পৌঁছায়।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন ভূপাতিত করেছে। তবে বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন স্থানে আঘাত হানে।

রাশিয়া প্রাইলুকির হামলা নিয়ে সরাসরি মন্তব্য না করলেও জানিয়েছে, তাদের ব্যাপক হামলার লক্ষ্য ছিল কিয়েভসহ বিভিন্ন এলাকার সামরিক শিল্প স্থাপনা।

জা.অর্থনীতি/এসআই