স্পোর্টস ডেস্ক: নতুন অধিনায়ক সাহিবজাদা ফারহানের মারকুটে ৮৯ রানের অধিনায়কোচিত ইনিংসে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। লাহিরু উদারার ৯১ রানে ভর করে সফরকারীদের গড়া ১৮২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পাকিস্তান টপকে যায় ৭ বল হাতে রেখেই। এই দুর্দান্ত জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। ম্যাচসেরার পুরস্কারও ওঠে জয়ী অধিনায়কের হাতে।
রাওয়ালপিন্ডিতে টস জিতে ব্যাটে নেমে নাসিম শাহের পেস তোপে ১৮ রানেই ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। তবে একপ্রান্ত আগলে রেখে ৫৫ বলে ৯১ রানের তুমুল লড়াই চালান লাহিরু উদারা। শেষদিকে দাসুন শানাকার কার্যকর ব্যাটিংয়ে ৮ উইকেটে ১৮২ রানের সংগ্রহ দাড় করায় লঙ্কানরা। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।
১৮৩ রানের জয়ের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কান বোলারদের ওপর তাণ্ডব চালান অধিনায়ক ফারহান। তাকে দারুণ সঙ্গ দিয়ে ২৯ বলে ফিফটি (৫০) হাঁকান তরুণ মায সাদাকাত। ফারহানের ৫৩ বলে ৮৯ রানের বিস্ফোরক ইনিংসে ভর করে ১৮.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
জা. অর্থনীতি/এআর