বিনোদন ডেস্ক: ভারতের বহুল আলোচিত ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলন ঘিরে দিল্লির কড়াকড়ি ও ধরপাকড়ের বিরুদ্ধে সরব হয়েছে বিনোদন জগৎ। এই প্রতিবাদের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় মুম্বাইয়ে ঝটিকা কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা ইমরান খান।
ভোটার তালিকা সংশোধনে অনিয়ম ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আজাদ ময়দানের কাছে সিজেপির রাজপথ অবরুদ্ধ করার চেষ্টা থেকে তাকেসহ প্রায় ৪০০ আন্দোলনকারীকে আটক করে স্থানীয় পুলিশ।
প্রশাসন সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) বন্ধ এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। আন্দোলনের তীব্রতা বাড়ায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ইমরান খানসহ অন্যান্য প্রতিবাদকারীদের হেফাজতে নেয়।
তবে তাকে আটকের পর ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে কিংবা শেষ পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছেন কি না, সে বিষয়ে পুলিশ বা তার পরিবারের পক্ষ থেকে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।
তরুণ প্রজন্মের এই অভিনব ও জোরালো প্রতিবাদী আন্দোলনে বলিউড তারকাদের সরাসরি রাজপথে নেমে আসা ভারতে নতুন এক রাজনৈতিক আলোড়ন তৈরি করেছে। এর আগে শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহ ও প্রকাশ রাজের মতো শিল্পীরা সমর্থন জানালেও ইমরান খানের সরাসরি আটক হওয়ার ঘটনা সিজেপির এই আন্দোলনকে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে নিয়ে এসেছে।
জা. অর্থনীতি/এআর