Print Date & Time : 24 October 2026 Saturday 07:47 am

সিজেপি আন্দোলনে সোচ্চার প্রকাশ রাজ, জানালেন ‘কিসের এত ভয় আপনাদের?’

image

বিনোদন ডেস্ক: ভারতের তরুণদের পরিচালিত ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলনে শুরু থেকেই জোরালো সমর্থন জানিয়ে আসছেন বহুভাষী অভিনেতা ও দক্ষিণের সুপারস্টার প্রকাশ রাজ। 

হিন্দুস্তান টাইমসের সূত্রমতে, সম্প্রতি নয়াদিল্লির যন্তর মন্তরে ডাকা বিক্ষোভের আগে ট্রেন বাতিল, বিক্ষোভকারীদের আটক এবং পুলিশি বাধার খবরে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রকাশ রাজ। নিজের জনপ্রিয় সিনেমার চরিত্র ‘জয়কান্ত শিকরে’র বিখ্যাত সংলাপের সুরে ব্যঙ্গ করে তিনি প্রশ্ন তোলেন, ‘কিসের এত ভয় আপনাদের? জনগণকে আটকে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।’

এর আগে দিল্লিতে আয়োজিত ‘চলো সংসদ’ মার্চ ও বেঙ্গালুরুর সমাবেশে সশরীরে অংশ নিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক ও সমাজকর্মী সোনাম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে বক্তব্যও দেন তিনি। 

সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজপথের সমাবেশ- সবখানেই আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। নিট (NEET) পরীক্ষার অনিয়ম ও ভোটাধিকারের দাবিতে তরুণদের ‘জাগো, প্রতিরোধ গড়ে তোলো এবং নিজের অধিকার ছিনিয়ে নাও’ বলে উদ্বুদ্ধ করার পাশাপাশি সম্প্রতি বিজেপি সরকার ও কর্তৃপক্ষের দমনপীড়নের বিরুদ্ধে নতুন করে কড়া প্রতিবাদ জানিয়েছেন এই অভিনেতা। 

বলিউড ও বিনোদন জগতের অন্য তারকাদের নীরবতা নিয়েও চরম ক্ষোভ প্রকাশ করেছেন প্রকাশ রাজ। অন্যায়ের বিরুদ্ধে কথা না বলা তারকাদের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘ইতিহাস কিন্তু নীরবদের কখনোই ক্ষমা করবে না।’ 
তরুণদের এই লড়াইকে দেশের ভবিষ্যৎ রক্ষার সংগ্রাম আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানান, ‘ক্ষমতাসীনরা অবসর বয়সের পরও রাজ্য চালাচ্ছে, তাই নিজেদের ভবিষ্যৎ ও স্বপ্নের অধিকার আদায়ে তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে।’

জা. অর্থনীতি/এআর