Print Date & Time : 24 October 2026 Saturday 10:04 am

বাড়তি বিনিয়োগ ছাড়াই হালাল পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব: বিসিআই সভাপতি

image

জাতীয় অর্থনীতি অনলাইন: বিদ্যমান শিল্পব্যবস্থা পুনর্বিন্যাস এবং যথাযথ হালাল সনদ ও আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করা গেলে অতিরিক্ত বিনিয়োগ ছাড়াই দেশে হালাল পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল হলে বিসিআইয়ের ত্রৈমাসিক জার্নালের প্রথম সংখ্যা প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে উৎপাদনশিল্পের গুরুত্ব অপরিসীম। শিল্প খাতের সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জার্নালের বিষয়বস্তু ও বিভিন্ন দিক তুলে ধরেন এর উপদেষ্টা সম্পাদক শিরাজুল ইসলাম কাদির। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে জার্নালটির মোড়ক উন্মোচন করেন বিসিআই সভাপতি। এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে প্রকাশনাটির কপি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিসিআইয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বিপিজিএমইএর সভাপতি সামিম আহমদ, বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, বারভিডার সভাপতি আব্দুল হক এবং বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম. শাহাদাত হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ, বাংলা কেমিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এস. সিদ্দিকী, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোস্তফা আবিদ খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষণা পরিচালক ড. কাজী ইকবাল।

বক্তারা বিসিআইয়ের এ উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি হালাল পণ্যের সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের রপ্তানি বহুমুখীকরণের প্রচেষ্টায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের সভাপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিআইয়ের সাবেক সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্য, অর্থনীতিবিদ, গবেষক এবং বাণিজ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

—জা.অর্থনীতি/জেআরটি