Print Date & Time : 24 October 2026 Saturday 06:03 am

এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত

image

বিনোদন ডেস্ক: পুরাণ, ইতিহাস, অভিশাপ আর বিজ্ঞানের মেলবন্ধনে পর্দায় আসছে দারুণ এক চমক। পৌরাণিক কাহিনীর রহস্যময় ‘স্যমন্তক মণি’র খোঁজ নিয়ে নির্মিত ‘স্যমন্তক- এর ট্রেলার মুক্তির পরই দর্শকদের মাঝে তৈরি হয়েছে দারুণ উন্মাদনা। আর এই ছবির মাধ্যমেই এবার সম্পূর্ণ ভিন্ন এক পৌরাণিক গল্পের চরিত্রে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত।

ভারতীয় গণমাধ্যমের ভাষ্যমতে, ভবিষ্যতের প্রেক্ষাপটে ২০৪৯ সালকে কেন্দ্র করে ছবির গল্প এগিয়েছে। পৌরাণিক গল্পের সঙ্গে আধুনিক প্রযুক্তির দারুণ সংমিশ্রণ ঘটাতে ছবিটিতে ব্যবহার করা হয়েছে প্রচুর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও উন্নত গ্রাফিক্সের কাজ। 

পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, দ্বারকার পতনের আগে শ্রীকৃষ্ণ স্যমন্তক মণিটিকে দুই ভাগে ভাগ করে লুকিয়ে রেখেছিলেন—যার এক অংশ পরবর্তী সময়ে ‘কোহিনূর’ নামে পরিচিত হয় এবং অন্য অংশটি লুকিয়ে থাকে ‘গৌরী প্রয়াগ’ নামের এক রহস্যময় স্থানে। একদিকে বিজ্ঞানীরা যখন এই রত্নের অলৌকিক শক্তির উৎস খুঁজতে ব্যস্ত, অন্যদিকে অন্ধকার শক্তির অনুসারীরাও তা দখলের জন্য মরিয়া। অতীতের সেই রহস্য আর ভবিষ্যতের বিজ্ঞানের সংঘাত নিয়েই ছবির মূল কাহিনী।

সৌরভ কে দাসের পরিচালনায় ছবিতে রজতাভ দত্ত ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৌমী দত্ত রায়, সৌরভ কে দাস, মৌবনী দলুই ও দীপ্যমান দত্ত। ইকুইনক্স ফিল্ম সিটির প্রযোজনায় ছবিটি নিয়ে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

জা. অর্থনীতি/এআর