Print Date & Time : 21 October 2026 Wednesday 12:22 am

জোড়া গরু জবাই করে জাবি উপাচার্য ও কোষাধ্যক্ষকে সংবর্ধনা

image

অনলাইন ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানাকে সংবর্ধনা দিয়েছে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে অতিথিদের আপ্যায়নে দুটি গরু জবাইয়ের আয়োজন করেন আয়োজকেরা।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকসুর সাবেক সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ও প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের আহ্বায়ক আব্দুল আওয়াল মোল্লা।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন, শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি ও সাঈদ ভূঁইয়ান, রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিকসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা। তবে ব্যস্ততার কারণে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

অনুষ্ঠান সম্পর্কে জাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) কে এম রাশেদুল হাসান মাসুম বলেন, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের কিছু ছোটখাটো ভুলত্রুটি থাকলেও সার্বিকভাবে তা ভালো হয়েছে। ছাত্রদলের বিভিন্ন সময়ের দায়িত্বশীল নেতারা এতে অংশ নেন। ১৯৮২ সালে ছাত্রদলের প্রথম সভাপতিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত উপাচার্য সম্পর্কে তিনি বলেন, তার ইতিবাচক মানসিকতা লক্ষ করেছেন। তবে এখনই তার মূল্যায়ন করার সময় আসেনি। আয়োজনে সহযোগিতা চাওয়া হলে তারা সামর্থ্য অনুযায়ী সহায়তা করেছেন। তবে আয়োজনের বাকি অর্থ কীভাবে সংগ্রহ করা হয়েছে, তা তিনি জানেন না।

জা.অর্থনীতি/এসআই