বিনোদন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি বলিউড অভিনেত্রীদের একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনকে বিশাল সিংহাসনে বসে থাকতে দেখা যায়। অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন ও মাধুরী দীক্ষিতকে রাখা হয়েছে উঁচু আসনে। ছবিতে আলিয়া ভাট, করিনা কাপুর, ক্যাটরিনা কাইফ ও ঊর্বশী রাউতেলাকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। ছবিটি প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন ঊর্বশী।
ছবিটিতে তারকাদের অবস্থানের মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা ও তারকাখ্যাতির তুলনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে এমন উপস্থাপনাকে নারীদের মধ্যে বিভেদ ও প্রতিযোগিতা তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছেন অনেকে। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ঊর্বশী।
অভিনেত্রী জানিয়েছেন, প্রত্যেক শিল্পীরই নিজস্ব পথচলা, পরিশ্রম ও ভাগ্য রয়েছে। তাই একজনের সঙ্গে অন্যজনের তুলনা করা কিংবা ভক্তদের মধ্যে বিরোধ উসকে দেওয়া উচিত নয়। বরং শিল্পীদের প্রতিভা, সাফল্য, অগ্রগতি ও মানবিক গুণাবলিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে এ ধরনের বিষাক্ত পরিবেশ তৈরির প্রবণতা বন্ধ করার অনুরোধও করেছেন।
ঊর্বশীর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। তারকাদের অবমাননাকরভাবে তুলনা করার প্রবণতা নিয়েও সমালোচনা করেছেন অনেকে।
উল্লেখ্য, ঊর্বশীকে সম্প্রতি রণদীপ হুডার সঙ্গে ‘ইনস্পেক্টর অবিনাশ ২’ ওয়েব সিরিজে দেখা গেছে। কান চলচ্চিত্র উৎসবে উপস্থিতির কারণেও আলোচনায় ছিলেন তিনি। এর আগে এআই দিয়ে তৈরি অভিনেত্রীদের বিভিন্ন বিকৃত ছবি নিয়েও আপত্তি উঠেছে।
জা.অর্থনীতি/এসআই