Print Date & Time : 07 November 2026 Saturday 12:09 pm

মহিষাসুরের বংশধররাও অংশ নিচ্ছেন দুর্গাপূজায়!

image

আন্তর্জাতিক ডেস্ক: উত্তরবঙ্গের অসুর জনজাতির মানুষের মধ্যে দুর্গাপূজাকে ঘিরে দীর্ঘদিনের রীতিতে পরিবর্তন দেখা যাচ্ছে। একসময় মহিষাসুরকে পূর্বপুরুষ মনে করে দুর্গাপূজার দিনগুলোতে শোক পালন করতেন তাদের অনেকে। এ সময় ঘর থেকে বের না হওয়া এবং বাড়ির চারপাশ কালো কাপড়ে ঢেকে রাখার প্রথাও প্রচলিত ছিল। তবে বর্তমানে নতুন প্রজন্মের অনেকেই সেই রীতি থেকে বেরিয়ে দুর্গাপূজার আনন্দে শামিল হচ্ছেন।

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের ক্যারন চা-বাগানে অসুর জনজাতির শতাধিক পরিবারের বসবাস। বাগানের কারি লাইন, খাপরা লাইন ও মতু লাইনে তাদের বসতি রয়েছে। তাদের অনেকেই চা-শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করেন।

অসুর জনজাতির বিশ্বাস, হিন্দু পুরাণের মহিষাসুর তাদের পূর্বপুরুষ। এ কারণে দুর্গাপূজার সময় তাদের অনেকে উৎসব থেকে দূরে থাকতেন। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলাচ্ছে। বর্তমানে এই সম্প্রদায়ের তরুণ-তরুণীরা স্থানীয় পূজামণ্ডপে গিয়ে প্রতিমা দেখছেন, বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং উৎসবে অংশ নিচ্ছেন।

ক্যারন চা-বাগানের বাসিন্দারা জানান, আগে তাদের পূর্বপুরুষেরা দুর্গাপূজায় অংশ নিতেন না। এখন শিক্ষার প্রসার ও সামাজিক যোগাযোগ বৃদ্ধির ফলে নতুন প্রজন্মের মধ্যে উৎসব ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। বাগান এলাকায় দুর্গাপূজার আয়োজনেও তাদের অংশগ্রহণ বাড়ছে।

নাগরাকাটার পাশাপাশি মেটেলিসহ উত্তরবঙ্গের আরও কয়েকটি এলাকায় অসুর জনজাতির মানুষ বসবাস করেন। নিজস্ব বিশ্বাস ও ঐতিহ্য বজায় রেখেই তাদের অনেকে সামাজিক উৎসবে যুক্ত হচ্ছেন। দুর্গাপূজায় তাদের এই অংশগ্রহণ সমাজের পরিবর্তনশীল মনোভাবের প্রতিফলন।

জা.অর্থনীতি/এসআই