Print Date & Time : 28 October 2026 Wednesday 07:37 am

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

image

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে মুলতানের শের শাহ সেতুর কাছে রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন সংশ্লিষ্ট কর্মীরা। আহতদের উদ্ধার করে মুলতানের নিশতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকর্মীরা জানান, লাইনচ্যুত ১৪টি বগির মধ্যে ১৩টিতে উদ্ধারকাজ শেষ হয়েছে। বাকি বগিটিতে উদ্ধার অভিযান চলছিল।

এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি করাচি থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল বলে পুলিশের প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনার আগে রোহরির কাছে ট্রেনটির নবম বগির নাট-বল্টু মেরামত করা হয়েছিল বলে জানিয়েছেন এক যাত্রী। তবে ওই মেরামতের সঙ্গে দুর্ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ট্রেনটি কী কারণে লাইনচ্যুত হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার এবং তাদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে ২০২৩ সালের আগস্টে পাকিস্তানের সিন্ধু প্রদেশের নওয়াবশাহর কাছে হাজারা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন নিহত হন। ওই ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছিলেন। ধারাবাহিক রেল দুর্ঘটনা দেশটির রেলপথের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

জা.অর্থনীতি/এসআই