কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৬২) উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম মহাসড়কের পাশে দিয়ে ভোরে হাঁটছিলেন। তারা হাঁটতে হাঁটতে জিংলাতলী গ্রামের বাড়ি থেকে মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুরের কাছে আসছিল। এ সময় হঠাৎ অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়।
ধারণা করা হচ্ছে, দ্রুতবেগের কোনো গাড়ির ধাক্কায় তারা ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যান। প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা ২ জনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসক ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন। পরে তাদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। একই সাথে স্বামী-স্ত্রী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দাউদকান্দি হাইওয়ে থানা ওসি প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়িচাপায় স্বামী ও স্ত্রী মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। মহাসড়কের সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।
—জা. অর্থনীতি/এনজে