Print Date & Time : 21 October 2026 Wednesday 10:43 am

ধর্ম অবমাননার অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগে ২৩ বছর বয়সী শিক্ষার্থী নাজমেহ আমিনিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড ও সরকারের বিরুদ্ধে প্রচারণার অভিযোগে পৃথক মামলায় তাঁকে ১২ বছর ছয় মাস এক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মৃত্যুদণ্ডের রায় এখনো চূড়ান্ত হয়নি; দেশটির সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএআই) জানিয়েছে, আমিনি বর্তমানে মাশহাদের ভাকিলাবাদ কারাগারে বন্দি রয়েছেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংগঠনটি জানায়, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে।

গত জানুয়ারিতে ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের সময় আমিনিকে গ্রেপ্তার করা হয়। গত মাসে কারাগার থেকে পাঠানো এক অডিও বার্তায় তিনি জাতিসংঘ, আইনজীবী ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে তাঁর মামলার তদন্ত এবং বিচারপ্রক্রিয়া পর্যালোচনার আহ্বান জানান।

ইরানের সংবাদপত্র খোরাসানের প্রতিবেদন অনুযায়ী, আদালতে আমিনি দাবি করেছিলেন, বন্ধুদের সঙ্গে সাইকেডেলিক মাশরুম গ্রহণের পর বিভ্রমের মধ্যে তিনি ওই মন্তব্য করেছিলেন। তার আইনজীবীও বক্তব্যটি অনিচ্ছাকৃত ছিল বলে যুক্তি দেন। তবে বিচারক সেই যুক্তি গ্রহণ করেননি।

ইরান হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটিতে ৬০০টির বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ভিন্নমত দমনে মৃত্যুদণ্ডের ব্যবহার বাড়ছে। সংগঠনটির পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম আমিনির ঘটনাকে শান্তিপূর্ণ মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।

এদিকে, বিদেশি গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ এবং বিদেশি অর্থায়নে পরিচালিত বলে বিবেচিত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন ইরানের আইনপ্রণেতারা।

জা.অর্থনীতি/এসআই