Print Date & Time : 21 October 2026 Wednesday 03:19 am

সেচকল লিজ নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু

image

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সেচকল লিজ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত মো. হারেছ (৬০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের চারিতলা গ্রামে সেচকল লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় মামুন গং ও তার সঙ্গে থাকা কয়েকজনের বিরুদ্ধে মো. হারেছকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

নিহত মো. হারেছের বাবার নাম মৃত রহিম। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে চারিতলা গ্রামসহ আশপাশের এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

—জা. অর্থনীতি/এলএটি