Print Date & Time : 24 October 2026 Saturday 06:25 am

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা, মামলা দায়ের

image

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে দুর্গাপুর থানায় বাদী হয়ে মামলাটি করেন নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা। এতে ৭-৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তিলনজিয়া এলাকায় একদল দুর্বৃত্ত প্রকাশ্যে সাংবাদিক আলিফকে গুলি করে পালিয়ে যায়। ময়নাতদন্তে তার শরীরে ৬টি গুলির ক্ষত পাওয়া গেছে।

নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাখের আহমেদ জানান, ঘটনার পর লিখিত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে এসআরবি, পিবিআই, থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম সমন্বিতভাবে মাঠে কাজ করছে। দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গতকাল বিকেলে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ডিটপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিক আলিফের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। দাফনের সময় স্বজনদের কান্না ও আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

স্বজনেরা দ্রুত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা এ ঘটনায় বিচারহীনতার আশঙ্কাও প্রকাশ করেছেন।

—জা.অর্থনীতি/এনজে