জাতীয় অর্থনীতি ডেস্ক: শারদীয় দুর্গাপূজায় সকল স্তরের মানুষের সমান অংশগ্রহণ ও উৎসবকে আরও সুন্দর করে তুলতে এমন কর্মসূচিগুলো অনন্য ভুমিকা পালন করে বলে মনে করেন আয়োজকেরা, তাই প্রতি বছর এমন আয়োজন দেশজুড়ে ছড়িয়ে দিতেও তরুণদের প্রতি আহবান জানিয়েছেন সুধীজনেরা।
এবারের পূজোয় রাজধানীর রমনা কালীমন্দির প্রাঙ্গণে ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে চাল, ডাল, তেল, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ। গেলো বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডিএসসিসির সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
পণ্য কিনতে আসা ব্যক্তিরা টোকেন দেখিয়ে মন্দির প্রাঙ্গণে সাজানো স্টলগুলো থেকে খাদ্যসামগ্রী, শিশুদের পোশাক, স্কুলব্যাগসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেন।
ব্যাতিক্রমী এই আয়োজনে এক কেজি চাল ও এক কেজি লবণের দাম রাখা হয় ৫০ পয়সা। এক কেজি মসুর ডাল, এক ডজন ডিম, এক প্যাকেট বিস্কুট, হ্যান্ডওয়াশ ও টয়লেট ক্লিনারের প্রতিটির দাম মাত্র এক টাকা। এক লিটার সয়াবিন তেল, দুই কেজি আটা, দুই কেজি ময়দা ও এক কেজি চিনিও বিক্রি করা হয় নামমাত্র মূল্যে। শিশুদের কাপড়ের দাম দুই টাকা, স্কুলব্যাগ ও ছোটদের শার্ট-প্যান্ট তিন টাকা, লুঙ্গি চার টাকা এবং শাড়ি ও পাঞ্জাবির দাম ছিলো পাঁচ টাকা।
বিনা মূল্যে পণ্য বিতরণের পরিবর্তে প্রতীকী মূল্য নির্ধারণের কথা জানায় বিদ্যানন্দ ফাউন্ডেশন। আয়োজকদের মতে সহায়তা গ্রহণকারীদের আত্মমর্যাদা বজায় রাখা ও তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করাই এই উদ্যোগের উদ্দেশ্য।
দুর্গাপূজা উপলক্ষে এ বছর সহস্রাধিক পরিবারের কাছে উপহার পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৫০ হাজার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, এ কর্মসূচিতে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য নিম্ন আয়ের মানুষও উপকৃত হয়েছেন।
—জা. অর্থনীতি/এলএটি