Print Date & Time : 07 November 2026 Saturday 04:40 am

রুপালী গিটার ছেড়ে অসীমের পানে, চিরপ্রস্থানের ৮ বছর

image

বিনোদন ডেস্ক: ‘রুপালী গিটার ফেলে’ সুরের জাদুকর আইয়ুব বাচ্চু অসীমের পানে পাড়ি জমিয়েছেন আজ (১৮ অক্টোবর) আট বছর হলো। ২০১৮ সালের ১৮ অক্টোবর তার আকস্মিক প্রস্থান বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে তৈরি করেছিল এক অপূরণীয় শূন্যতা। 

আশির দশকে 'ফিলিংস' ও 'সোলস' হয়ে ১৯৯১ সালে গঠন করেন কিংবদন্তি ব্যান্ড 'এলআরবি' (লাভ রান্স ব্লাইন্ড)।  আইয়ুব বাচ্চুর দুর্দান্ত গিটার সোলো আর একক কণ্ঠে 'কষ্ট পেতে ভালোবাসি', 'সেই তুমি', 'হাসতে দেখো গাইতে দেখো' কিংবা 'মেয়ে' গানগুলো কয়েক প্রজন্মকে প্রেমে ও বিরহে ভাসিয়েছে। ব্যান্ড মিউজিকের পাশাপাশি চলচ্চিত্রে ‘অনন্ত প্রেম’ বা ‘আম্মাজান’-এর মতো কালজয়ী গানে কণ্ঠ দিয়ে তিনি জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। 

image

বাচ্চুর সবচেয়ে বড় স্বপ্ন ছিল—বাংলাদেশের তরুণ প্রজন্ম যেন বিশ্বমানের গিটারিস্ট হিসেবে গড়ে ওঠে এবং বাংলা ব্যান্ড সংগীত বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ায়। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নতুন প্রতিভাদের পথ দেখিয়ে গেছেন।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরনা গ্রামে জন্ম বাংলা সংগীতের এই মহাতারকার। মাত্র ৫৬ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করেন আইয়ুব বাচ্চু।

আজ তিনি নেই, কিন্তু তার সুরের মূর্ছনা চির অমলিন। ভক্তদের হৃদয়ে গিটারের প্রতিটি ঝংকারেই বেঁচে থাকবেন এই রকিং লিজেন্ড। 

জা. অর্থনীতি/এআর