Print Date & Time : 28 October 2026 Wednesday 07:32 am

টি-টুয়েন্টির নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা

image

স্পোর্টস ডেস্ক: নিগার সুলতানা জ্যোতি দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশ নারী টি-টুয়েন্টি দলের নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হলো। বিসিবি আগামী এক বছরের জন্য অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তারকে অধিনায়ক ও ব্যাটার সোবহানা মোস্তারিকে সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করেছে।

রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি। ২০১৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা ২৬ বছর বয়সী নাহিদা টি-টুয়েন্টিতে দেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ১১৩ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১৩২টি উইকেট। টি-টুয়েন্টি সংস্করণে আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর বোলারদের তালিকায় তিনি পঞ্চম স্থানে অবস্থান করছেন।

অন্যদিকে, ২৪ বছর বয়সী সোবহানা মোস্তারি ২০১৯ সালে অভিষেকের পর থেকে দলের মিডল অর্ডারের মূল ভরসা হয়ে উঠেছেন। ৭২ টি-টুয়েন্টি খেলা এই ব্যাটার নিগার সুলতানা ও ফারজানা হকের পর দেশের তৃতীয় নারী হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন।
আগামী ১২ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে মাঠে নেমে এই নতুন জুটির প্রথম বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

জা. অর্থনীতি/এআর