Print Date & Time : 28 October 2026 Wednesday 05:51 am

মেসি-রোনালদোকে এবার ১ ইউরো’য় ভোট

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। এতদিন শুধু ফিফা সদস্য দেশগুলোর নির্বাচিত সাংবাদিকরাই ভোট দিয়ে বর্ষসেরা ফুটবলার নির্বাচন করার সুযোগ পেতেন। তবে এবার সমর্থক বা সাধারণ ভক্তদের জন্যও ভোটের সুযোগ করে দিয়েছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ। তবে শর্ত একটাই—প্রতিটি ভোটের জন্য খরচ করতে হবে এক ইউরো! আর মজার বিষয় হলো, চাইলে একই খেলোয়াড়কে যত খুশি ততবার ভোট দেওয়া যাবে।

ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে ‘বেস্ট অব অল টাইম’ বা ইতিহাসের সেরা জয়ী মৌসুম বেছে নিতেই এই ব্যতিক্রমী ভোটাভুটির আয়োজন করা হয়েছে। শুধু বর্তমান মৌসুম নয়, অতীতে একাধিকবার ব্যালন ডি’অর জেতা ১০ জন কিংবদন্তি ফুটবলারের ঠিক কোন মৌসুমটি সেরা ছিল ভক্তরা সেটাই রায় দিতে পারবেন।

এই তালিকায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও রয়েছেন রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেডো দি স্তেফানো। অক্টোবরের শুরুতে চালু হওয়া এই অনলাইন ভোটিং চলবে আগামী ২৭ অক্টোবর প্যারিসের স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত।

ইতিমধ্যেই ভোটের লড়াইয়ে বেশ জমে উঠেছে। এখন পর্যন্ত ভক্তদের ভোটে এগিয়ে রয়েছে ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতা ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর মৌসুম। ঠিক পরেই রয়েছে ২০১১-১২ মৌসুমে মেসির চতুর্থবার ব্যালন ডি’অর জয়ের রেকর্ডময় সময়টি। ভক্তদের জন্য এটি প্রিয় তারকার সোনালী সময়কে পুনরায় উদ্‌যাপনের এক দারুণ সুযোগ।

জা. অর্থনীতি/এআর