Print Date & Time : 20 October 2026 Tuesday 08:20 pm

মৃত্যু দিনে আইয়ুব বাচ্চুকে স্মরণ

image

বিনোদন প্রতিবেদক: বাংলা ব্যান্ড সংগীতের অবিসংবাদিত কিংবদন্তি ও ‘রূপালি গিটার’-এর জাদুকর আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে স্মরণ করা হয়েছে দেশীয় রক সংগীতের এই অগ্রদূতকে। গতকাল ছিল তার মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের ১৮ অক্টোবর কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যাওয়া নন্দিত এই শিল্পীর মৃত্যুবার্ষিকীতে পরিবার এবং ব্যান্ড সমাজের পক্ষ থেকে নানা আয়োজন ও দোয়া মাহফিলের মাধ্যমে স্মরণ করা হয়েছে।

রক সংগীতকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া আইয়ুব বাচ্চু নিজে যেমন সাফল্যের আকাশ ছুঁয়েছিলেন, তেমনি তরুণ প্রজন্মকে দেখিয়েছিলেন আলোর পথ। কনসার্ট মাতানোয় যার জুড়ি মেলা ভার ছিল, তার জীবনে এমন কিছু স্বপ্ন ছিল যা আজও অপূর্ণই রয়ে গেছে। এক সাক্ষাৎকারে তিনি মানিক মিয়া অ্যাভিনিউতে দেশি ও বিদেশি কিংবদন্তি শিল্পীদের নিয়ে ১৫ লাখ দর্শকের উপস্থিতিতে টানা তিন ঘণ্টার একটি মেগা কনসার্ট আয়োজনের স্বপ্ন দেখেছিলেন, যা বাস্তবায়িত হয়নি। পাশাপাশি গিটারসহ যাবতীয় বাদ্যযন্ত্র বাজানো শেখার একটি প্রাতিষ্ঠানিক সংগীত একাডেমি গড়ে তোলার অসমাপ্ত ইচ্ছেও তার ছিল।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম নেওয়া এই গুণী শিল্পী ১৯৭৩ সালে প্রথম গিটার হাতে পাওয়ার পর একে একে ‘ফিলিংস’ ও ‘সোলস’ ব্যান্ডের পর ১৯৯১ সালে গঠন করেন নিজের কালজয়ী ব্যান্ড ‘এলআরবি’। ব্যান্ডের পাশাপাশি ১৬টি একক অ্যালবাম এবং এক ডজন চলচ্চিত্রে প্লেব্যাক করা এই শিল্পীকে সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’ প্রদান করা হয় এবং তার জন্মশহর চট্টগ্রামের প্রবর্তক মোড়ে স্থাপন করা হয় দৃষ্টিনন্দন গিটার ভাস্কর্য।