Print Date & Time : 04 November 2026 Wednesday 09:08 pm

পূজার ছুটিতে মেট্রোরেল চলবে বিশেষ সময়সূচিতে

image

জাতীয় অর্থনীতি অনলাইন: দুর্গাপূজার ছুটিতে বিশেষ সময়সূচিতে চলবে মেট্রোরেল। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচির আদলে ট্রেন চলাচল করলেও ২৩ অক্টোবর (শুক্রবার) মেট্রোরেল চলবে বিকেল থেকে।

এ সময় যাত্রীচাহিদা অনুযায়ী ট্রেনের চলাচলের বিরতি সমন্বয় করা হবে। ছুটির এই সময় ১০ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।‎

ডিএমটিসিএলের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে।

অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। দিনের বেশির ভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলবে।

রাতে যাত্রীচাহিদা অনুযায়ী এ বিরতি বেড়ে ১৫ থেকে ২০ মিনিট হবে। এ চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।

২৩ অক্টোবর (শুক্রবার) উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বিকেল ৩টা ২০ মিনিট থেকে। এদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রী চাপ সামাল দিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এসব ট্রেন চালিয়ে চলাচলের বিরতি সমন্বয় করা হবে।

—জা.অর্থনীতি/জেআরটি