Print Date & Time : 22 October 2026 Thursday 12:17 am

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধের আট মাসে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির তালিকায় নতুন করে যুক্ত হতে পারে আরও একটি অত্যাধুনিক ড্রোন। হরমুজ প্রণালির আকাশে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম জানায়, মঙ্গলবার ভোররাতে ড্রোনটি ধ্বংস করা হয়। ইরানের দাবি, দেশটির মহাকাশ বাহিনীর পরিচালিত নতুন ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করে ভূপাতিত করে। ঘটনাটি ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে ঘটেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মার্কিন কংগ্রেসের গবেষণা পরিষেবার এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি আকাশযান ও ড্রোন হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সরঞ্জামের আনুমানিক আর্থিক মূল্য ৩৩০ কোটি ডলার। ক্ষতিগ্রস্ত ও হারানো সামরিক সরঞ্জামের তালিকায় এফ-৩৫এ স্টেলথ যুদ্ধবিমান, এফ-১৫ যুদ্ধবিমান এবং এমকিউ-৯ রিপার ড্রোন রয়েছে।

প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন হারানোর তথ্য দেওয়া হয়েছে। প্রতিটি ড্রোনের আনুমানিক মূল্য তিন কোটি থেকে পাঁচ কোটি ডলার। আইআরজিসির সর্বশেষ দাবি সত্য হলে এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের হারানো এমকিউ-৯ ড্রোনের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৬টিতে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। হরমুজ প্রণালিতে জাহাজে পাল্টাপাল্টি হামলা এবং ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে।

জা.অর্থনীতি/এসআই