Print Date & Time : 25 October 2026 Sunday 04:11 am

অভিষেকেই আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ আইসিসির

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেকের পরেই বড় ধাক্কা খেলেন অফ স্পিনার আলিস আল ইসলাম। শারজায় আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ অফিশিয়ালরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, বুধবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে এই ২৯ বছর বয়সী বোলারের অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে। ফলে আইসিসির স্বীকৃত পরীক্ষাকেন্দ্রে গিয়ে এখন তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। সেখানে কনুই ১৫ ডিগ্রির বেশি প্রসারিত হওয়ার প্রমাণ মিললে সাময়িকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হতে পারেন তিনি।

তবে ঘরোয়া ক্রিকেটে এমন পরিস্থিতি আলিসের জন্য নতুন নয়। এর আগে ২০১৯ ও ২০২৫ সালের বিপিএলেও তার অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও প্রতিবারই তিনি অ্যাকশন শুধরে বৈধতার প্রমাণ দিয়ে মাঠে ফিরেছিলেন। এবার দেখার বিষয়, আন্তর্জাতিক মঞ্চে আইসিসির আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই অফ স্পিনার কিভাবে আবার ক্রিকেটে কামব্যাক করেন।

জা. অর্থনীতি/এআর