মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় উদ্ধারকাজে নিয়োজিত পুলিশের দাঁড়িয়ে থাকা রেকারের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় সেলিম হাওলাদার নামের এক আবাসিক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম হাওলাদার মাদারীপুর সদর উপজেলার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে। তিনি শহরের ‘হোটেল মেট্রো’ নামের একটি আবাসিক হোটেলের মালিক ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ভোরে নিজ মালিকানাধীন প্রাইভেটকার চালিয়ে ভূরঘাটা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন সেলিম। পথিমধ্যে তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে পূর্বে দুর্ঘটনাকবলিত একটি গাড়ি উদ্ধারে নিয়োজিত পুলিশের রেকারের পেছনে প্রাইভেটকারটি সজোরে ধাক্কা দেয়। এতে সেলিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, সকালে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার লাশ নিয়ে বাড়ি ফিরেছে।
—জা. অর্থনীতি/এলএটি