Print Date & Time : 26 October 2026 Monday 02:24 am

কাবার গিলাপ তৈরিতে লাগে ১ হাজার ৪১৫ কেজি উপকরণ

image

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কাবাঘরের গিলাপ শুধু একটি আবরণ নয়, এটি মুসলিম ঐতিহ্য, সূক্ষ্ম কারুশিল্প ও দীর্ঘদিনের ইতিহাসের অনন্য নিদর্শন। কালো রেশমের ওপর সোনালি ও রুপালি নকশায় সজ্জিত এই গিলাপ তৈরিতে প্রয়োজন হয় বিশেষ দক্ষতা, আধুনিক প্রযুক্তি এবং দীর্ঘ প্রস্তুতি।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) ২০২৫ সালের তথ্য অনুযায়ী, একটি গিলাপ তৈরিতে প্রায় ৮২৫ কেজি প্রাকৃতিক রেশম, ১২০ কেজি সোনার প্রলেপযুক্ত রুপার সুতা, ৬০ কেজি বিশুদ্ধ রুপার সুতা ও ৪১০ কেজি কাঁচা তুলা লাগে। সব মিলিয়ে এর ওজন প্রায় ১ হাজার ৪১৫ কেজি।

গিলাপটি একটিমাত্র কাপড় নয়। কাবার চার পাশের জন্য চারটি প্রধান প্যানেল এবং দরজার জন্য বিশেষ পর্দা তৈরি করে সেলাইয়ের মাধ্যমে একত্র করা হয়। গিলাপের উচ্চতা প্রায় ১৪ মিটার। দরজার পর্দাটি প্রায় ৬ দশমিক ৩৫ মিটার লম্বা ও ৩ দশমিক ৩৩ মিটার চওড়া।

মক্কায় অবস্থিত কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য কিসওয়া অব দ্য হোলি কাবায় গিলাপ তৈরির কাজ হয়। রেশম প্রস্তুত, কাপড় বোনা, নকশা, সূচিকর্ম ও সেলাইয়ের বিভিন্ন ধাপ পেরিয়ে এটি সম্পন্ন করা হয়। যন্ত্রের পাশাপাশি দক্ষ কারিগরদের হাতের কাজও এতে গুরুত্বপূর্ণ।

গিলাপের অলংকরণে কোরআনের আয়াত ও আরবি ক্যালিগ্রাফি ব্যবহৃত হয়। এর পরিচিত কালো রং সব যুগে প্রচলিত ছিল না; ইতিহাসে বিভিন্ন রঙের গিলাপের উল্লেখ রয়েছে।

প্রতিবছর গিলাপ পরিবর্তন করা হয়। ২০২৫ সালের জুনে এ কাজে ১৫৪ জন প্রশিক্ষিত সৌদি কারিগর অংশ নেন। পুরোনো গিলাপের অংশ বিশেষ জাদুঘর, প্রদর্শনী কিংবা উপহার হিসেবে ব্যবহৃত হতে পারে।

জা.অর্থনীতি/এসআই