Print Date & Time : 25 October 2026 Sunday 11:07 am

বিয়ের প্রলোভনে ২০ নারীর কাছ থেকে ৩১ লাখ টাকা হাতানোর অভিযোগ

image

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে বিলাসবহুল জীবনযাপনের ছবি ও ভিডিও প্রকাশ করে তরুণীদের আকৃষ্ট করতেন ভারতের ২৩ বছর বয়সী যুবক বিক্রান্ত তোমর। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ২০ নারীর কাছ থেকে ২৪ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ লাখ ২৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শনিবার (২৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশের অভিযোগ, ইনস্টাগ্রামে দামি গাড়ি, বিলাসবহুল রেস্তোরাঁ ও কফিশপে সময় কাটানোর ছবি প্রকাশ করে নিজেকে ধনী ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করতেন বিক্রান্ত। এভাবে নারীদের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব গড়ে তুলে বিয়ের আশ্বাস দিতেন তিনি। পরে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে অর্থ আদায় করতেন।

দিল্লির করোল বাগ থানায় কর্মরত এক নারী কনস্টেবল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে মামলা করার পর বিষয়টি সামনে আসে। পরে দিল্লি পুলিশ বুরারি এলাকা থেকে বিক্রান্তকে গ্রেপ্তার করে। অভিযোগ রয়েছে, আট ঘণ্টার জন্য বিলাসবহুল গাড়ি ভাড়া করে নারী কনস্টেবলদের কাউকে কাউকে নিয়ে ঘুরতেও যেতেন তিনি।

পুলিশের ধারণা, বিক্রান্তের প্রেমিকা দিল্লি পুলিশের একজন নারী কনস্টেবল হওয়ায় তার ব্যাচমেটদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। প্রতারণার অর্থের লেনদেনে বেটিং অ্যাপ ব্যবহারের তথ্যও পেয়েছেন তদন্তকারীরা। অর্থ কোথায় স্থানান্তর ও কীভাবে ব্যয় করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, একই ধরনের অভিযোগে দিল্লিতে বিক্রান্তের বিরুদ্ধে ইতোমধ্যে পাঁচটি এফআইআর হয়েছে। মায়াপুরি, হরি নগর, ইন্দরপুরি ও পূর্ব জেলা সাইবার পুলিশ থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। গত জুনে জামিনে মুক্তি পাওয়া বিক্রান্তকে বর্তমানে কেন্দ্রীয় জেলা সাইবার পুলিশ থানা জিজ্ঞাসাবাদ করছে। প্রতারণার শিকার কয়েকজন নারী এখনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

জা.অর্থনীতি/এসআই