Print Date & Time : 28 October 2026 Wednesday 12:28 am

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

image

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান ও অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন ফিলিস্তিনিরা। হেবরন শহরে রাতের বেলায় বাড়িঘর ছাড়ার নির্দেশ এবং চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরছাড়া হয়েছেন প্রায় ২ হাজার ২০০ বাসিন্দা।

গত শনিবার (২৪ অক্টোবর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের অন্তত ১৫টি এলাকায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব অভিযানে প্রায় ৭০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।

হেবরনের মেয়র ইউসুফ আল জাবারি জানান, ইসরায়েলি অভিযান ও অবরোধের কারণে শহরটির প্রায় ২ হাজার ২০০ বাসিন্দা বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাতে মাইকে ঘোষণা দিয়ে ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে শহরে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ থাকায় নিরাপদ আশ্রয়ে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

এর আগে শুক্রবার হেবরনের কাছে ইসরায়েলি সেনাদের একটি রিজার্ভ ঘাঁটিতে দুই ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হন। পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই দুই ফিলিস্তিনিও নিহত হন। এ ঘটনার পর পশ্চিম তীরে পূর্ণাঙ্গ অবরোধের নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এরপর হেবরনে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে বাড়িঘর ও যানবাহন গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিভিন্ন এলাকায় চলাচল বন্ধ করা হয়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ অভিযানের নিন্দা জানিয়ে বাড়িঘর ধ্বংস ও বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার অভিযোগ করেছে। তারা এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে।

এদিকে, হেবরনের উত্তরে হালহুল এলাকায় কাঁদানে গ্যাসে অসুস্থ ছয় শিশুসহ নয়জনকে চিকিৎসা দিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। জেনিনে ইসরায়েলি অভিযানে আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা।

জা.অর্থনীতি/এসআই