Print Date & Time : 28 October 2026 Wednesday 06:08 am

ঘুষকাণ্ডে ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার, চাকরি গেলো গাড়িচালকের

image

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগে দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের চুক্তিভিত্তিক গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন।

প্রত্যাহার হওয়া দুই কর্মচারী হলেন শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সনদ সহকারী সুরাইয়া আক্তার।

এর আগে এই দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ-সংক্রান্ত একটি ভিডিওও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ছাড়া ঘুষ গ্রহণের ভিডিও ধারণকে কেন্দ্র করে মিরাজ নামের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠে।

এসব অভিযোগ ও সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে রোববার জারি করা আদেশে সানজিদা আক্তার ও সুরাইয়া আক্তারকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই আদেশের মাধ্যমে গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

—জা. অর্থনীতি/এএইচএ