যশোর প্রতিনিধি: পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যশোর জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে সকালে যশোর কালেক্টরেট চত্বরে একটি প্রতীকী রেল অবরোধ কর্মসূচি পালন করেন কমিটির নেতাকর্মীরা।
স্মারকলিপি প্রদানের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পদ্মা সেতু রেল প্রকল্প চালুর মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের রাজধানী ঢাকায় দ্রুত ও সাশ্রয়ী যাতায়াতের বড় সুযোগ তৈরি হয়েছে। তবে বেনাপোল-যশোর-ঢাকা রুটে বর্তমানে বিকেলে ট্রেন চলাচল করায় সকালে ঢাকায় পৌঁছে প্রয়োজনীয় কাজ শেষ করে একই দিনে ফিরে আসার কোনো সুযোগ নেই। অন্যদিকে দর্শনা, কোটচাঁদপুর ও কালীগঞ্জের মানুষও পদ্মা সেতু হয়ে রেলপথে ঢাকায় যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, সকালে ট্রেন চালু হলে যশোরসহ আশপাশের জেলার মানুষ ঢাকায় গিয়ে অফিস-আদালতের কাজ শেষ করে একই দিনে ফিরতে পারবেন। এটি সাধারণ মানুষের সময় ও খরচ বাঁচানোর পাশাপাশি রাজধানীর ওপর মানুষের চাপ কমাতেও ভূমিকা রাখবে। এ বিষয়ে এর আগে রেল উপদেষ্টা ও রেল সচিবের কাছে দাবি জানানো হলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। দাবি পূরণ না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
স্মারকলিপিতে উত্থাপিত ৬ দফা দাবি
• বর্তমান সময়সূচি বহাল রেখে বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালু করা।
• যশোর থেকে প্রতিদিন ঢাকা ও খুলনায় যাতায়াত করে অফিস করার উপযোগী ট্রেনের সময়সূচি নির্ধারণ।
• আন্তঃনগর ট্রেনে সাধারণ ও মালবাহী বগি সংযোজন এবং কৃষিপণ্য পরিবহনের ব্যবস্থা করা।
• বাসের চেয়ে কম ভাড়ায় সাধারণ শ্রেণির টিকিট নিশ্চিত করা।
• অ্যাপে নিবন্ধনের বাইরে টিকিট সংগ্রহের বিকল্প ব্যবস্থা রাখা ও প্রবীণদের অগ্রাধিকার দেওয়া।
• দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল রেললাইন দ্রুত বাস্তবায়ন করা।
বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক কাউসার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নুর ইসলাম, বাসদের হাচিনুর রহমান, তির্যকের দীপংকর দাস রতন, সিপিবির মাহবুবুর রহমান মজনু, কমিউনিস্ট লীগের তসলিমুর রহমান, সাঈদ আহমেদ নাসির সেফার্ড, মনিরুজ্জামান ও নজরুল ইসলাম।
—জা.অর্থনীতি/এনজে