Print Date & Time : 07 November 2026 Saturday 06:38 am

প্রকাশ পেল এ আর রহমানের সঙ্গীতে ‘রামায়ণ’-এর নতুন গান

image

জাতীয় অর্থনীতি বিনোদন: মহাকাব্যিক ছবি ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর নতুন রোমান্টিক গান ‘জোড়ি জোড়ি’ মুক্তির মাধ্যমে ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিলেন নির্মাতারা। ভারতীয় উৎসব ‘করবা চৌথ’-এর শুভ মুহূর্তে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মুক্তি পেয়েছে গানটি। মূলত শ্রী রাম ও দেবী সীতার পবিত্র মালাবদল ও ঐশ্বরিক প্রেমের ওপর ভিত্তি করে তৈরি এই গান।

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের সুরে রচিত এই সুমধুর গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল ও চিন্ময়ী শ্রীপদা। গানটির হৃদয়স্পর্শী লিরিক লিখেছেন খ্যাতিমান কবি ও গীতিকার ডা. কুমার বিশ্বাস। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মালায়ালম ও কন্নড়—এই পাঁচ ভাষায় একসঙ্গে গানটি মুক্তি দেওয়া হয়েছে।

আগের ট্রেলার ও টিজারে জমকালো ভিএফএক্স ও যুদ্ধের ঝলক দেখা গেলেও, এই গানটি রাম-সীতার আত্মিক প্রেম ও চিরন্তন বিশ্বাসের চিত্র ফুটিয়ে তুলেছে। নীতিশ তিওয়ারি পরিচালিত এই মেগা প্রজেক্টে রাম চরিত্রে রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী এবং রাবণ চরিত্রে অভিনয় করছেন যশ।

নমিত মালহোত্রার প্রযোজনা ও করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের পরিবেশনায় আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে সিনেমাটি পেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

জা. অর্থনীতি/এআর