জাতীয় অর্থনীতি স্পোর্টস: কেপটাউন টেস্টে সফরকারী অস্ট্রেলিয়াকে ১৭৬ রানের বড় ব্যবধানে হারিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে প্যাট কামিন্সদের বিপক্ষে ২–১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করল টেম্বা বাভুমার দল।
ম্যাচে ড্র করলেই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে পারত অস্ট্রেলিয়া। কিন্তু কেপটাউনের নিউল্যান্ডস মঞ্চ সাজিয়ে রেখেছিল অফ-স্পিনার সাইমন হারমারের দুর্দান্ত বোলিং ভেল্কির জন্য। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৮৮ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে অজি ব্যাটাররা অসাধ্য সাধনের চেষ্টা চালিয়েছিলেন—টানা ১২ ওভার মেডেন এবং লাঞ্চের পর প্রথম এক ঘণ্টায় মাত্র ৩ রান সংগ্রহ করেন তারা।
তবে শেষ রক্ষায় অজিদের সব চেষ্টা ব্যর্থ করে দেন হারমার। তার ক্যারিয়ারসেরা ১৬ রানে ৬ উইকেটের বিধ্বংসী স্পেলে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। শেষ দিনে কাগজ-কলমে লড়াই জমে ওঠার আভাস থাকলেও প্রোটিয়া বোলারদের ক্ষুরধার আক্রমণ অস্ট্রেলিয়াকে কোনো সুযোগই দেয়নি। দারুণ এই জয়ে টেস্ট ক্রিকেটের শীর্ষ সিংহাসন জয়ের আনন্দে মেতে ওঠে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
জা. অর্থনীতি/এআর