Print Date & Time : 08 November 2026 Sunday 07:58 am

পাবনায় জোড়া খুনের ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা

image

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুই নেতাকে নৃশংসভাবে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নিহত শ্রমিক দল নেতা রিপন হোসেনের ভাই রুবেল হোসেন বাদী হয়ে আতাইকুলা থানায় মামলাটি দায়ের করেন।

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহারে সুনির্দিষ্ট আসামি না থাকলেও অজ্ঞাতনামা দুর্বৃত্তদের অভিযুক্ত করা হয়েছে। পুলিশ অপরাধীদের শনাক্ত করতে জোর তদন্ত চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানাধীন পুষ্পপাড়া হাটে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সময় পুষ্পপাড়া হাটের ইজারাদার ও আওয়ামী লীগ শাসনামলে কার্যক্রম নিষিদ্ধ হওয়া পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সালাম (৫৬) তার অস্থায়ী কার্যালয়ে অবস্থান করছিলেন। সেখানে তার সঙ্গে ছিলেন সম্পর্কে তার ভাগনে আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৪০)।

অকস্মাৎ কয়েকজন অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্ত অফিসে ঢুকে তাদের লক্ষ্য করে লক্ষ্যভ্রষ্টহীন গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে গুলির আঘাতে মারাত্মক রক্তক্ষরণে ঘটনাস্থলেই মামা আব্দুস সালাম ও ভাগনে রিপন হোসেনের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের দুই দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে ঘটনার পেছনে রাজনৈতিক কোন্দল নাকি হাটের ইজারা ও আধিপত্য বিস্তার সংক্রান্ত কোনো দ্বন্দ্ব রয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।  

—জা. অর্থনীতি/এলএটি