জাতীয় অর্থনীতি স্পোর্টস: পাকিস্তানের আন্তর্জাতিক জার্সি তুলে রেখে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া পেসার মোহাম্মদ আমির এবার যুক্ত হলেন আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্লেয়ার ড্রাফটে। যুক্তরাজ্যের নাগরিক হিসেবে প্লাটিনাম ক্যাটাগরিতে নাম লেখানোয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার খেলার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
২০২৬ সালের মে মাসে ব্রিটিশ পাসপোর্ট পাওয়া ৩৪ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে নিয়ে এখন ক্রিকেট মহলে চলছে নানা আলোচনা। বিশেষ করে প্রশ্ন উঠেছে, পাকিস্তানি বংশোদ্ভূত হলেও ব্রিটিশ পাসপোর্টের কল্যাণে তিনি কি ভবিষ্যতে আইপিএলেও খেলার সুযোগ পাবেন? এর আগে পাকিস্তানের জন্ম নেওয়া আজহার মাহমুদ ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে খেলেছিলেন। তাই আমিরের ক্ষেত্রেও সেই ইতিহাস পুনরাবৃত্তির সম্ভাবনা দেখছেন অনেকে। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় আইপিএলের মিনি নিলামেই বিষয়টি স্পষ্ট হবে।
এদিকে আফগান লিগের মঙ্গলবার (৩ নভেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিতব্য ড্রাফটে পাকিস্তানের ৩০ জনের বেশি ক্রিকেটার নাম লেখালেও দুই দেশের রাজনৈতিক উত্তেজনায় পিসিবির এনওসি পাওয়া নিয়ে রয়েছে বড় সংশয়। তবে ব্রিটিশ নাগরিক হওয়ায় আমিরের ক্ষেত্রে পিসিবির অনুমতির প্রয়োজন না-ও পড়তে পারে।
পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলা এই তারকা এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন এক ইনিংস শুরুর অপেক্ষায়।
জা. অর্থনীতি/এআর