অনলাইন ডেস্ক: দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে দ্রুত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সম্পন্ন করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে চলমান আলোচনা আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল অ্যান্টিগুয়া ও বার্বুডার সেন্ট জনসে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ইউএইর আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাসিমির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের (সিএইচওজিএম) ফাঁকে এ বৈঠক হয়।
এ সময় দুই দেশের সম্পর্ক আরও জোরদারে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বিশেষ করে প্রস্তাবিত সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদন ও কার্যকরের প্রয়োজনীয়তার ওপর উভয় পক্ষ গুরুত্ব দেয়।
বৈঠকে ইউএইর শ্রমবাজারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
এছাড়া বাংলাদেশের বন্দর অবকাঠামো খাতে ইউএইর বিনিয়োগ এবং বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে দুই দেশের পারস্পরিক সমর্থনের বিষয়টি আলোচনায় উঠে আসে।
পাশাপাশি রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো মোকাবিলা এবং এ সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করে ইউএই।
জা.অর্থনীতি/এসআই