মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে তানভীর আহমদ (২১) নামের এক তরুণ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উত্তর কুলাউড়ার বিজয়া রোডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর আহমদ জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের রাজাপুর এলাকার শফাওত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে তানভীর মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে কুলাউড়া শহরের দিকে আসছিলেন। বিজয়া রোডের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে তানভীর গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই প্রাইভেট কার চালক কুলাউড়ার জয়চণ্ডী ইউনিয়নের গিয়াসনগর এলাকার বাসিন্দা রুহিন মিয়া গাড়ি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত তানভীরকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহতের পরিবার জানায়, তানভীরের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে সিলেটে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সিলেট নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। পরবর্তীতে বিজয়া রোডের গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদরাসার সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ঘাতক প্রাইভেট কারটি জব্দ করা হয়। চালক রুহিন মাদরাসার সামনে যাত্রীসহ কারটি রেখে কৌশলে পালিয়ে যান।
ওসি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কার ও মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। অভিযুক্ত প্রাইভেট কার চালককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি