Print Date & Time : 07 November 2026 Saturday 06:42 am

প্রথম নিজেদের তৈরি মিসাইল ছুড়ল পাকিস্তান

image

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: পাকিস্তান প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ‘ফায’-এর সফল পরীক্ষা চালিয়েছে। এর মাধ্যমে জাতীয় মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতার অগ্রগতিতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে আইএসপিআর জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) এই পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটিতে অত্যাধুনিক টার্মিনাল গাইডেন্স ব্যবস্থা রয়েছে। এটি দূরপাল্লায় শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফায’ পাকিস্তান বিমানবাহিনীর অভিযান পরিচালনার সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং দেশের সামগ্রিক প্রতিরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। ক্ষেপণাস্ত্রটির সফল উড্ডয়ন পরীক্ষা পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তিগত পরিপক্বতা, উদ্ভাবন এবং স্বনির্ভরতার অগ্রগতির প্রমাণ। আইএসপিআর জানায়, ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা প্রত্যক্ষ করেন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা, যারা এই ব্যবস্থা উন্নয়নের সঙ্গে যুক্ত ছিলেন।

পরীক্ষা সফল হওয়ায় দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধানেরা সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে গত মাসে পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দুটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। গত ১৩ অক্টোবর ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ (ইআর) হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। এর এক সপ্তাহ আগে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের পরীক্ষা চালায় ইসলামাবাদ।

আইএসপিআর জানায়, ফাতাহ-২ ইআর ক্ষেপণাস্ত্রটিতে উন্নত নেভিগেশন ব্যবস্থা ও অত্যাধুনিক এভিওনিকস রয়েছে। এটি উচ্চ নির্ভুলতায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং এর বিশেষ গতিপথ ও দিক পরিবর্তনের সক্ষমতার কারণে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে সক্ষম।

—জা.অর্থনীতি/জেআরটি